পাঁচবিবিতে যৌথ অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সোসাইটি মার্কেট, কাঁচা বাজার ও বালিঘাটা এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, জয়পুরহাট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালিঘাটা বাজারের মামা ভাগনা স্টোরকে ৪ হাজার টাকা, মারিয়া ভ্যারাইটি স্টোরকে ৩ হাজার টাকা এবং জাবির ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাটের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
কর্তৃপক্ষ জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।






