জয়পুরহাটে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট: September 13, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম,জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্ল্যাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

একই সঙ্গে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর