জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেআইনিভাবে বক শিকার করে খাঁচায় আটকে রাখার অপরাধে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার চাঁপাইতর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিব ইসলাম এবং একই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার কালুপীর-থুমনিয়া শালবনের পাশে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ বন বিটের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে বক শিকারের ফাঁদ এবং খাঁচাবন্দী অবস্থায় ১৫টি বক উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। আটক ব্যক্তিদের মধ্যে শাকিব ও রশিদুল নিজেদের অপরাধ স্বীকার করায় তাঁদের এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
তবে অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার করা বকগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী জানান, শালবনের পাশে ফাঁদ পেতে বক শিকারের খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিকভাবে সাজা নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, "বন্য প্রাণী সংরক্ষণ আইন অমান্য করে বিক্রির উদ্দেশ্যে বকগুলো শিকার করা হয়েছিল।
দোষ স্বীকার করায় দুই শিকারিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্য প্রাণী শিকারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/