জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল অঙ্কের দেনায় জড়িয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমনের পরিবারে দৃশ্যমান কোনো পারিবারিক কলহ বা দ্বন্দ্ব ছিল না। সংসারে আর্থিক সচ্ছলতা এবং বাড়ি-গাড়িসহ যথেষ্ট সম্পদও ছিল তাদের। স্থানীয়দের ধারণা, মাত্র কয়েক মাসের ব্যবধানে সর্বস্ব হারিয়ে তিনি বড় অঙ্কের দেনার দায়ে জড়িয়ে পড়েন। সেই মানসিক হতাশা থেকেই তিনি বিষপানের মতো চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সুমন নীলফামারী জেলার ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। গত শনিবার (০৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন তিনি।
ওই দিন সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে শ্মশান ঘাটের কাছে গিয়ে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।
বিষক্রিয়া শুরু হলে সুমন নিজেই মোবাইল ফোনে তার মাকে বিষপানের বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে দিনাজপুর নেওয়ার পথেই রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/