জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে সেতু প্রাঙ্গণে ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ। উদ্বোধনী আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
দীর্ঘদিনের দাবির পর সেতু নির্মাণে এখন নদী পারাপারের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ সহজ হবে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এবং ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা সময় ও যাতায়াত খরচ কমা এবং আর্থ-সামাজিক উন্নয়নের আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, ঠাকুরগাঁও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ উপজেলা এলজিইডি অফিসার মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর প্রায় ২০ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত ১৬০ মিটার দীর্ঘ বহুল প্রত্যাশিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করল।
সেতুর নির্মাণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, এই সেতু চালু হওয়ার মাধ্যমে পীরগঞ্জ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/