ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল মুনাফিকী আচরণ করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন।
বুধবার (৭অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (শাবিপ্রবি) শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মাসুদ রানা তুহিন বলেন, শাকসু নির্বাচনে আমরা ও ছাত্রদল প্যানেল ঘোষণা করে কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেলো ছাত্রদলের একটি গ্রুপ একজনের মাধ্যমে হাইকোর্টে রিট করে শাকসু স্থগিত করা হয়েছিল।
কাজে এখান থেকে প্রতীয়মান হয় ছাত্রদল দ্বিমুখী তথা শিক্ষার্থীদের সঙ্গে মুনাফিকী আচরণ করেছে। তারা বাইরে দেখিয়েছে শাকসু চায়। কিন্তু তারা ভেতরে ভেতরে শাকসু বিরুদ্ধে কাজ করেছে।
তিনি আরও বলেন, গত ১৯ জানুয়ারি যেসকল শিক্ষকরা শাকসু নিয়ে কাজ করবেন না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তারাই এখন ভিসি ও প্রো-ভিসি পদে পদায়ন হচ্ছে।
বিশ্বিবদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ, হলে নিয়মতান্ত্রিক সিট বণ্টন নিশ্চিতকরণ, ক্যাম্পাস কেন্দ্রিক সমস্যা নিরসন ও শাকসু বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর হলে দলীয় আধিপত্যের পরিবর্তে প্রশাসনিকভাবে শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছিল। ফলে প্রথমবর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ তৈরি হয়েছিল।
কিন্তু বর্তমানে ফাঁকা সিটে নিয়মতান্ত্রিক সিট বণ্টন না করে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়ার আগেই ফাঁকা সিটে লোক তোলায় সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরও শিক্ষার্থীরা ক্রমাগত শাকসু নির্বাচনের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। শাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি স্যারসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সাক্ষাতের দাবি জানিয়ে আসলেও ভিসি স্যার তাদেরকে সময় দিতে অপারগতা প্রকাশ করছেন।
অন্যদিকে তিনি ছাত্রদের ঠিকই সাক্ষাতের সময় দিচ্ছেন এবং তাদের দলীয় প্রোগ্রামে প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে উপস্থিত থাকছেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেইজকে ছাত্রলের কর্মসূচির প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ধরণের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে শাকসুর দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষের সাথে আলোচনা করে অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/