
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেকসই পরিবেশ ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘International Seminar on Mycology, Biotechnology and Sustainable Environment (ISMBSE)’-এর অংশ হিসেবে এতে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে এ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাঁদের গবেষণাভিত্তিক প্রজেক্টের বিষয়বস্তু, গবেষণার উদ্দেশ্য ও প্রাপ্ত ফলাফল পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।
সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের অধ্যাপক ড. হে শুয়াংহুই।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ও রিসোর্স পারসন তাঁদের গবেষণার অভিজ্ঞতা এবং গবেষণাক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন।
পাশাপাশি, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাঁরা চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. ইমতাজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলি, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম।
আয়োজকেরা বলেন, এই প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/