মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও প্যারেড মাঠে খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘সজীবতা’ নামে একটি রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থাপিত এ রিফ্রেশমেন্ট জোনে রয়েছে ডিপ টিউবওয়েল, অজুখানা, ওয়াশরুম ও টয়লেটের সুবিধা।
এর মাধ্যমে শিক্ষার্থী ও খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। রিফ্রেশমেন্ট জোনটি উদ্বোধন করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী, মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, কলেজের শিক্ষার্থী ও খেলাধুলায় অংশগ্রহণকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ সময়োপযোগী। ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন সংশ্লিষ্টদের জন্য উপকারী হবে এবং জনকল্যাণমূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সজীবতা রিফ্রেশমেন্ট জোন বাস্তবায়নের বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমরা জানতে পেরেছি, চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এবং নিরাপদ পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
বিষয়টি আমাদের নজরে আসার পর শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে এখানে ডিপ টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নিই। পাশাপাশি প্যারেড মাঠে খেলাধুলা করতে আসা মানুষের জন্য পর্যাপ্ত ওয়াশরুম ও টয়লেটের সুবিধা না থাকায় বিষয়টিও আমাদের বিবেচনায় আসে।
এসব প্রয়োজনের কথা মাথায় রেখেই শিক্ষার্থী ও খেলাধুলায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবার জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন গড়ে তোলা হয়েছে। আমরা চাই, এ উদ্যোগের মাধ্যমে মানুষ বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুবিধা পাবে।”
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মানুষের মৌলিক প্রয়োজন পূরণ ও জীবনমান উন্নয়নে ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/