শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রথিতযশা শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই-আলম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলা বিভাগ কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরে ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরেন।
এ ছাড়া বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের প্রহসন ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ মঞ্চস্থ করেন বিভাগের শিক্ষার্থীরা। নাটকটির পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, ভাষা ও সাহিত্যচর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্য সামনে রেখে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির সংযোগ আরও জোরদার করতে বাংলা বিভাগের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।









