সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বরিশালের বানারীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল।
সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি বানারীপাড়া পৌরসভা, চাখার, বিশারকান্দিসহ উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তাঁর এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
এ সময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক বন্ধনেরও প্রতীক।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ ও বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার শিকার হবেন না।
প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবেন। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা বিদ্বেষ নয়; বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।”
সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল লস্কর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হাওলাদার, পৌর যুবদলের সাবেক সিনিয়র সদস্য শিশির বাবু, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, বাইশারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল, বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইয়াসিন বেপারী, ঢাকা মহানগর ছাত্রদল নেতা ও বাংলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ, ঢাকা মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষার, জাকারিয়া হাওলাদার, মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম সজল, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিক আহমেদ, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জিয়া সরদার এবং উপজেলা ছাত্রদল নেতা সাব্বির হোসেন।
এ ছাড়া তাঁর সফরসঙ্গী ও ঘনিষ্ঠ সহচর মাসুদ শরীফ, ফেরদৌস চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাইফ মাহমুদ জুয়েলের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের শুভেচ্ছা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, ধর্মীয় উৎসবের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও মানবিকতার চর্চায়। আর সেই চর্চার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় বাংলাদেশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/