২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর শাখা।
বুধবার (২৮ অক্টোবর) নগরীর শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সিলেট মহানগর শাখার সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম সাজু বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।
সেদিন লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি ওই ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক সংঘাত, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার ওপর সংঘটিত সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অতীতের সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জরুরি।
শহীদুল ইসলাম সাজু বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার হয়ে থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করে আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে যেন কোনো ধরনের অন্যায়, জুলুম ও বিচারহীনতার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




