ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ।
সমাবর্তন কমিটি জানায়, আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তৈরি করা হয়েছে। পোর্টালটি আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে।
রেজিস্ট্রেশন পোর্টাল উপস্থাপনের সময় কমিটির সভাপতি ছবি আপলোডের মাপ নিয়ে সংশোধনীর কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন এবং অনেকেই প্রযুক্তিতে দক্ষ নন। তাই নির্ধারিত মাপ অনুযায়ী ছবি আপলোডের নির্দেশনা পোর্টালে স্পষ্টভাবে দিতে আইসিটি সেলকে অনুরোধ করেন তিনি, যাতে প্রক্রিয়াটি সহজ হয়।
একই বৈঠকে বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদেরও সমাবর্তনের মাধ্যমে সনদ গ্রহণের অধিকার রয়েছে বলে মনে করেন কমিটির সভাপতি।
রেজিষ্ট্রেশন ফি কমানোর ব্যাপারে কমিটির সভাপতি বলেন, গতকাল বিভিন্ন কমিশনের সম্মানিত কনভেনারদের সঙ্গে বৈঠকে রানিং ও প্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নেওয়া হয়। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি আরো বলেন, শিক্ষার্থীরা যেন কষ্টে অর্জিত সনদ নিজ নিজ অবস্থান থেকে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে নমনীয় নীতিমালার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবর্তন কমিটির সুত্রে জানা যায় সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি-৪৫০০৳,স্নাতক সনদ ফি- ৫০০৳, মাস্টার্স সনদ ফি- ৭০০৳,এমফিল সনদ ফি- ১৫০০৳,পিএইচডি সনদ ফি- ২০০০৳,সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি- ৫৫০০৳ এবং মাস্টার্স সনদ ফি (সন্ধ্যাকালীন)- ১০০০৳ নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধনের যোগ্যতা সম্পর্কে কতৃপক্ষ জানান, মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সের ক্ষেত্রে ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনের রেজিষ্ট্রেশন করতে পারবে।
কতৃপক্ষ আরো জানান, প্রত্যেক গ্র্যাজুয়েট সর্বোচ্চ ৩ জন অতিথি সঙ্গে আনতে পারবেন। অতিথি হিসেবে বাবা-মা, স্বামী/স্ত্রী/সন্তানকে অন্তর্ভুক্ত করা যাবে। এক্ষেত্রে ৫ বছর ও তদূর্ধ্ব অতিথির জন্য জনপ্রতি ১,০০০৳ ফি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/