ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী ঝিনাইদহগামী ‘দিগন্ত’ বাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ, দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডায়না চত্বর ও বটতলার মধ্যবর্তী স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে সংগঠনটির শতাধিক নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর; শেখ হাসিনার আস্থানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; হাসিনা আছে হিন্দুস্থান, ঠিকানা হবে গোরস্তান; ছাত্রলীগের আস্থানা, এই ক্যাম্পাসে হবে না; আপা আপা করিস না, শেখের বেটি আসবে না; লীগ পাবো যেখানে, ধোলাই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, সারা দেশে ছাত্রলীগ কর্তৃক ধর্মঘটের নামে যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করেছে, যানবাহনে বোমাবাজি ও আগুন দিয়েছে, আজকের এই বিক্ষোভ মিছিল তারই কঠোর প্রতিবাদ।
ক্যাম্পাসের বাসে বোমাবাজির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগের অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল গতকাল সারাদিন ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল এবং ভবিষ্যতেও প্রতিহত করতে রাজপথে প্রস্তুত থাকবে ।
আমরা ইবি ক্যাম্পাসসহ সমগ্র বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী বা কোনো ফ্যাসিস্ট শক্তিকে প্রবেশ হতে দেবো না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারই হবে প্রকৃত জনগণের সরকার। জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী ও তাদের দোসরদের প্রতিহত করে রাজপথ মুক্ত রাখা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/