ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি কমানো এবং রেজিষ্ট্রেশনের সময় বৃদ্ধির দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের পক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ এই স্মারক লিপি গ্রহণ করেন।
স্মারক লিপিতে বলা হয়েছে, সমাবর্তনের জন্য নির্ধারিত নিবন্ধন ফি অনেক শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যধিক। বিশেষত নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশের জন্য নির্ধারিত ফি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
ফলে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত এই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে না পারার আশঙ্কাও অনেক শিক্ষার্থীর মধ্যে রয়েছে।এমতাবস্থায়, শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা, সামর্থ্য এবং বৃহত্তর অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইটি দাবি প্রদান করা হয়
তাদের দাবিগুলো হলো, নিয়মিত শিক্ষার্থীদের জন্য পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি ৩,০০০ (তিন হাজার) টাকা এবং ব্যাচেলর (স্নাতক) সনদ ফি ৫০০ (পাঁচশত) টাকা নির্ধারণ করে সর্বসাকুল্যে ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা নির্ধারণ করতে হবে এবং শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে, সমাবর্তনের নিবন্ধনের নির্ধারিত সময়সীমা বৃদ্ধি করতে হবে।
স্মারক লিপি প্রদান শেষে ২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিনি বলেন, “আমরা ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সদ্য স্নাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি।
আমাদের দাবি, সমাবর্তন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা করা হোক। এ দাবি নিয়ে আমরা মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য স্যারের সাথে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছি। স্যার বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
আমরা জেনেছি, সব সেশন মিলিয়ে মাত্র প্রায় ১,৫০০ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খুবই কম। আমরা চাই, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে সবাই যেন সমাবর্তনে অংশ নিতে পারে। আশা করি প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবি গ্রহণ করবে।"
স্মারক লিপি গ্রহণ করে ছাত্র উপদেষ্টা ড. মামুন উল রশীদ বলেন, “২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং রেজিস্ট্রেশনের সময় বাড়ানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে।
বিষয়টি আমি ভিসি স্যারের নজরে এনেছি এবং তাঁর সাথে কথা বলব। আশা করি প্রশাসন যৌক্তিক দাবি বিবেচনা করবে। এটি ১-২ দিনে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৪৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/