জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সভাপতি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন, যা দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে এটাই বাস্তবতা।”
এর আগে রোববার আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাঁকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
এর আগে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এরই অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দেয় ব্রিটিশ ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর পুনরায় চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।
উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। যদিও ভারত থেকে তিনি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির শীর্ষ নেতাদের বড় একটি অংশ ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/