দেশের পোশাক খাতের ইতিহাসে অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো আজ। তবে দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও ১১২ শ্রমিকের প্রাণহানির এই মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। সাক্ষী হাজির করতে না পারায় বছরের পর বছর ধরে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়েই আটকে আছে। আজও মেলেনি ন্যায়বিচার
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল-হকের আদালতে মামলাটির বিচার চলছে। মোট ১০৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হওয়ায় একের পর এক নতুন তারিখ ধার্য হচ্ছে। আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম জানান, আগামী ৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন। এ ঘটনায় কারখানার মালিক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী মাহমুদা আক্তারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন আশুলিয়া থানার এসআই খায়রুল ইসলাম।
তদন্ত শেষে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সিআইডি পুলিশের পরিদর্শক এ কে এম মহসীন উজ জামান ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে মামলাটি প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
অভিযোগ গঠনের পর থেকে সাক্ষ্য গ্রহণের গতি ছিল অত্যন্ত ধীর। তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পাঁচজন, ২০১৭ সালে দুজন, ২০১৯ ও ২০২১ সালে একজন করে, ২০২২ সালে দুজন, ২০২৩ সালে একজন, ২০২৪ সালে তিনজন, ২০২৫ সালে একজন এবং চলতি বছর তিনজন সাক্ষ্য দিয়েছেন। ২০১৮ ও ২০২০ সালে কোনো সাক্ষীই আদালতে হাজির হননি।
সবশেষ চলতি বছরের ৬ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, অবসরপ্রাপ্ত যুগ্ম মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের শ্রম পরিদর্শক সঞ্জয় কুমার দাস সাক্ষ্য দেন। এরপর ১ জুলাই ও ৪ অক্টোবর দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। বেঞ্চ সহকারী মোর্শেদ আলম জানান, আদালতে না আসায় ছয় সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এবং দুজনকে সমন জারি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুর রহমান স্বীকার করেন যে সাক্ষীদের হাজির করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “সমন ও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও অনেক সাক্ষীকে আনা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে দ্রুত বিচার শেষ করা যায়।”
পুলিশের অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪(ক) ধারায় ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়। এতে উল্লেখ করা হয়, ভবনটির নকশায় ত্রুটি ছিল এবং কোনো জরুরি নির্গমন পথ ছিল না। আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে নিরাপত্তাকর্মীরা এটিকে অগ্নিনির্বাপণ মহড়া বলে তাঁদের কাজে ফিরিয়ে দেন এবং কলাপসিবল গেট আটকে দেন।
পুলিশের হিসাব অনুযায়ী, সেদিন কারখানায় ৯৮৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। নিহত ১১২ জনের মধ্যে তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন, পঞ্চম তলায় ১০ জন এবং পরে বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা যান। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বাকিদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
তাজরীনের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক মমিনুর রহমান মমিন বলেন, “আগুন লাগার পর মূল ফটক বন্ধ থাকায় শ্রমিকেরা বের হতে পারেননি। দেশি-বিদেশি চাপে মামলা হলেও দীর্ঘ সময়ে বিচার হয়নি। বরং কারখানার মালিক গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক পরিচয়ে পদ-পদবি পেয়ে জামিনে বেরিয়ে যান। এতে শ্রমিকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।”
অন্যদিকে আসামি দেলোয়ার হোসেন ও মাহমুদা আক্তারের আইনজীবী হেলেনা পারভীনও দ্রুত বিচার শেষ হওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে তিনি বলেন, “বিচারক পরিবর্তন, রাষ্ট্রপক্ষের আইনজীবী পরিবর্তন ও সাক্ষী না আসার কারণে বছরের পর বছর সময় যাচ্ছে। ঘটনার সময় দেলোয়ার সেখানে ছিলেন না, তারপরও তিনি সাধ্যমতো সহযোগিতা করেছেন। মাসের পর মাস আদালতে হাজিরা দিয়ে তিনিও হয়রানির শিকার হচ্ছেন এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
সেদিনের ভয়াবহ স্মৃতি আর শারীরিক পঙ্গুত্ব নিয়ে এখনো মানবেতর জীবন কাটাচ্ছেন বেঁচে ফেরা অনেক শ্রমিক। ঘটনার দিন চতুর্থ তলায় কর্মরত ছিলেন কারখানার সুপারভাইজার সুলেইমান। প্রাণ বাঁচাতে নিচে লাফ দিয়ে তাঁর ডান পা ভেঙে যায় এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে।
সুলেইমান বলেন, “কোনোরকমে বেঁচে আছি। ভাঙাচোরা শরীর নিয়ে ঠিকমতো কাজ করতে পারি না। তবু স্ত্রী, সন্তান আর বোনের সংসার চালাতে দারোয়ানের চাকরি করতে হচ্ছে। আহতদের অনেকেরই একই অবস্থা।” দ্রুত এই ঘটনার ন্যায্য বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো শ্রমিককে এমন পরিণতির শিকার হতে না হয়।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/