জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে আবাসন ও বাণিজ্যিক চাহিদা মেটাতে দ্রুতগতিতে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। তবে এসব ভবনের অনেকগুলোতেই মানা হচ্ছে না ইমারত নির্মাণবিধি ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)। কোথাও অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা হচ্ছে, আবার কোথাও রাখা হচ্ছে না ভবনের চারপাশে প্রয়োজনীয় ফাঁকা জায়গা।
এমনকি বাণিজ্যিক ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা দেখিয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে দোকান, শোরুম ও ব্যাংক।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এভাবে অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণের ফলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা বাড়ছে। তবে এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রায় ৩০ বর্গকিলোমিটার আয়তনের ঠাকুরগাঁও পৌরসভায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। জনসংখ্যা ও নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি বহুতল ভবনের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের কোনো মিল নেই। অভিযোগ রয়েছে, কোনো কোনো ভবনে অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি দুটি ভবনের মধ্যেও রাখা হয়নি ন্যূনতম দূরত্ব। এ ছাড়া বাণিজ্যিক ভবনের নকশায় নিচতলায় পার্কিংয়ের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে পরিচালিত হচ্ছে ব্যাংক, শোরুম ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
শহরের ‘অট্টালিকা ডটকম’ নামের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ক্ষেত্রেও এমন অনিয়মের চিত্র দেখা গেছে। পৌরসভা থেকে ভবনটি সাততলা নির্মাণের অনুমোদন নিলেও বর্তমানে নয়তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে ভবনটির সাইট ইঞ্জিনিয়ার আকাশের কাছে জানতে চাইলে তিনি প্রথমে সব ধরনের অনুমোদন থাকার দাবি করেন। তবে অতিরিক্ত দুটি তলা নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘এটিও ম্যানেজ করা হবে’ বলে মন্তব্য করেন এবং অন্যান্য অনিয়মের প্রশ্ন এড়িয়ে যান।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, ভবন নির্মাণের ক্ষেত্রে কাঠামোগত নকশা, অগ্নিনিরাপত্তা, পর্যাপ্ত আলো-বাতাস চলাচল, চারপাশে খালি জায়গা রাখা এবং মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা বাধ্যতামূলক।
নাম প্রকাশ না করার শর্তে ঠাকুরগাঁওয়ের একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলেন, প্রকৌশলগত নকশা অনুসরণ না করলে বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে ভবনের কাঠামোগত স্থায়িত্ব কমে যায়, যা ভূমিকম্পের সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সরোয়ার হোসাইন জানান, গত তিন বছরে জেলায় বহুতল ভবন নির্মাণের ছাড়পত্রের জন্য ৪০টি আবেদন জমা পড়েছে। তিনি বলেন, ‘বহুতল ভবনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমনের জন্য বিকল্প সিঁড়ি থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক ভবনেই তা রাখা হয়নি। ফলে আগুন লাগলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ভবনের নির্মাণমান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্ল্যাট ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি নিরাপদ ঠিকানার আশায় তাঁরা ফ্ল্যাট কেনেন। কিন্তু অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে কর্তৃপক্ষের কঠোর তদারকি না থাকলে ক্রেতারা চরম ঝুঁকির মুখে পড়বেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি আব্দুল লতিফ বলেন, ‘বহুতল ভবন নির্মাণের নামে ইচ্ছেমতো নিয়ম ভাঙার সুযোগ নেই। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ সরাসরি আইনের লঙ্ঘন। পৌর কর্তৃপক্ষ শুধু নকশা অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করতে পারে না; প্রভাবশালীদের ছাড় না দিয়ে জননিরাপত্তার স্বার্থে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, পৌরসভা থেকে নির্ধারিত বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণের কোনো সুযোগ নেই। কোনো ভবনমালিক শর্ত লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/