জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে। ঘোড়ার ক্ষিপ্রগতির দৌড়, সওয়ারিদের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি ঘোড়ার অংশগ্রহণে জমজমাট এ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলার ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা ভূল্লী নদীর তীরবর্তী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয়বারের মতো কার্তিকতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দুপুর গড়াতেই নানা বয়সী দর্শক ও খেলাপ্রেমিকরা দূরদূরান্ত থেকে মাঠে ছুটে আসেন। মাঠের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দর্শকরা প্রিয় ঘোড়া ও সওয়ারিদের উৎসাহ জোগান। দৌড় শুরুর পর ঘোড়াগুলোর গতি আর কৌশলের লড়াই মুহূর্তেই বাড়িয়ে তোলে প্রতিযোগিতার উত্তেজনা।
আয়োজক ও স্থানীয়দের মতে, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/