ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক সংগঠন হ্যান্ডস ফর হিউম্যানিটি ফিলিস্তিনের মধ্য গাজায় ১০০ জন শরণার্থী শিশুর মাঝে খাবার বিতরণ করেছে।
শনিবার (২৮ নভেম্বর) ফিলিস্তিনের মধ্য গাজায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শরণার্থী শিবিরে বসবাসরত ১০০ শিশুর মাঝে খাবার বিতরণের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালায় সংগঠনটি।
ফিলিস্তিনি জনগণের অধিকার, স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতি সংহতি প্রকাশ এবং তাদের দুর্দশার প্রতি সহমর্মিতা জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানায় সংগঠনটি। এসময় খাবার পেয়ে শিশুরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই প্রকল্প বাস্তবায়ন। তাদের প্রয়োজনের তুলনায় এ সহায়তা অত্যন্ত সামান্য।
তবুও আমরা বিশ্বাস করি, সম্মিলিত মানবিক প্রচেষ্টা তাদের জন্য আশার বার্তা হয়ে উঠতে পারে। আমাদের আহ্বান, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন ফিলিস্তিনের অসহায় জনগণের পাশে দাঁড়ান। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে, ইনশাআল্লাহ।”
সংগঠনের সভাপতি আমির ফয়সাল বলেন, “ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। আমরা হ্যান্ডস ফর হিউম্যানিটির মাধ্যমে নিজেদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
পাশাপাশি মানবিক সমাজ গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।”
‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দেশের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/