ক্রাইস্টচার্চে ২৩৮ রান করা কেন উইলিয়ামসন আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ ব্যাটসম্যানের আসনটি ধরে রেখেছেন। নিউ জিল্যান্ডের খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৯১৯ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। তার নিচের দুটি স্থানে পরিবর্তন এসেছে। বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে সিডনি টেস্টের ম্যাচসেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ।
উইলিয়ামসনের আগের সর্বোচ্চ পয়েন্ট ছিল ৯১৫, যা অর্জন করেছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে। তার আগে ১৯৮৫ সালের ডিসেম্বরে একমাত্র নিউ জিল্যান্ড ক্রিকেটার হিসেবে ৯০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছিলেন রিচার্ড হ্যাডলি (৯০৯)
এদিকে সিডনিতে ১৩১ ও ৮১ রান করে স্মিথ টপকে গেছেন কোহলিকে, যিনি প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে চলে যান।
সিডনিতে রোমাঞ্চকর ড্রর পর আরও কিছু পরিবর্তন এসেছে র্যাংকিংয়ে। মার্নাস লাবুশানে ক্যারিয়ার সেরা ৮৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে, তার ব্যাটে আসে ৯১ ও ৭৩ রান। ডেভিড ওয়ার্নার তিন ধাপ নেমে দশম স্থানে। বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে, তৃতীয় টেস্টে এই অজি পেসার নেন চার উইকেট।
ভারতের চেতেশ্বর পুজারা জোড়া হাফসেঞ্চুরিতে দশম স্থান থেকে উঠে গেছেন আট নম্বরে। ঋষভ পান্তের ৯৭ রানের আগ্রাসী দ্বিতীয় ইনিংস তাকে ১৯ ধাপ এগিয়ে ২৬ নম্বরে নিয়ে গেছে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/