ফেব্রুয়ারি মাসব্যাপী অনলাইন বইমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩১ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বইমেলার উদ্বোধন করেন তিনি। ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন এ বইমেলার আয়োজন করেছে বইঅনলাইন বিডি ডটকম।
বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বইমেলা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়িত হওয়ার ফলেই আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বইমেলা আয়োজন সম্ভব হয়েছে। বিশ্ব মহামারিতে থমকে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেমে থাকেনি। বিশ্বের মাত্র ২২টি দেশ যারা ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি।
বই পড়াকে উৎসাহিত করে তথ্যমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকের শিশু-কিশোর-তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস আগের মতো নেই। এই বইমেলা সেই অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে এবং মানুষের মাঝে দেশাত্মবোধ- মমত্ববোধ জাগ্রত করবে। নিজেদের বীরত্বগাঁথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নেতিবাচক মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি’র অভিযোগ গতানুগতিক। স্থানীয় নির্বাচনে এদেশে এবং প্রতিবেশি ভারতে অতীতেও সব সময় ছোটখাটো নানা ঘটনা ঘটেছে, যা কখনই কাম্য নয়। তবে সে তুলনায় এবারের নির্বাচন অনেক ভালো হয়েছে। আর বিএনপির কাছে প্রশ্ন, তারা তাদের সাংগঠনিক দুর্বলতার দায় সরকারের ওপরে চাপাবেন না কি, নিজেদের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন?
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/