দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন সব নাগরিকের জন্যই সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়, রন হককে গ্রেপ্তারের ঘটনা তারই প্রমাণ বহন করে।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে আজ সকাল ১০টার দিকে গ্রেপ্তার হন রন হক সিকদার। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বিদেশে পলাতক থেকে দেশে ফিরে এলে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে তাকে গ্রেপ্তার করে।
বিমানবন্দর থেকে রন হকের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মামলায় তার (রন হক) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ এখানে আদালতের পরোয়ানা বাস্তবায়ন করেছে।
আইন অনুযায়ী পুলিশ এখন তাকে আদালতে সোপর্দ করবে। পরবর্তী ব্যবস্থা আদালতই নেবে, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ১৯ মে গুলশান থানায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণের প্রস্তাব দিয়েছিল। ঋণ প্রদান প্রক্রিয়ায় রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন ওই কর্মকর্তাকে আটক করে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ মামলার পর রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদার ব্যক্তিগত জেট বিমানে ঢাকা ত্যাগ করেন বলে বিমান বন্দরের কর্মকর্তারা সাংবাদিকদের জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/