এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা আকাশ কুসুম কল্পনা: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা।
তিনি আজ(শনিবার) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন ষড়যন্ত্রের অংশ কি না এ বিষয়টি আমলে নিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতারা এসব কথা বলছেন।
বিএনপির সমালোচনায় তিনি বলেন, সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতাই তাদের রাজনীতি।
এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বৈশাখী নিউজ/ জেপা




















