শ্রীমঙ্গলের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার রাজনগরে
আপডেট: March 13, 2021
|

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোড নিবাসী লক্ষন পাল (৩৫) এর রহস্যজনক মৃতদেহ শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে রাজনগরের কর্নিগ্রাম এলাকা থেকে উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
পরিবার সুত্রে জানা যায় শুক্রবার ( ১২ মার্চ ) পাওনা টাকা আনতে রাজনগরে গেলে অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবার চিন্তিত হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। হঠাৎ রাত আনুমানিক ৪ টার দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ফোন দিয়ে পরিবারকে জানান একটি লাশ পাওয়া গেছে এবং লাশের সাথে মোবাইল ফোন পাওয়া গেছে,মোবাইল ফোনের সুত্রে পরিবারের ফোন নাম্বার সনাক্ত করেন। তখন রাজনগর থানা পুলিশের মাধ্যমে লাশের একটি ছবি পাঠানো হয় পরিবারের নিকট।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা যাচ্ছে পাচগাঁও এলাকা থেকে ব্যবসায়ী টাকা-পয়সা নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে হাত পা বেঁধে ফেলে রাখে। স্থানীয় জনগণ হাত পা বাঁধা মানুষটিকে দেখে এগিয়ে গেলে ঘটনাস্থল হতে স্থানীয় মানুষের বরাতে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।আজ সকালে পরিবারের মানুষ যাওয়ার পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন।



