এ বছর পবিত্র মাহে রমজানে সৌদি আরবের মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস মহামারির কারণে তারাবির নামাজ সংক্ষিপ্ত করার আদেশ দেন দেশটির প্রধান দুই মসজিদের তত্ত্বাবধায়ক ও বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। সেই অনুযায়ী এবার তারাবি সংক্ষিপ্ত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আগামীকাল মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে সেখানে আজ রাত থেকেই আদায় করতে হবে তারাবির নামাজ।
দুই মসজিদ বিষয়ক প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুল রহমান আল সুদাইস বলেছেন, হারামাইনে ২০ রাকাত তারাবির বদলে ১০ রাকাত তারাবি অনুষ্ঠিত হবে। এ সময় করোনা বিধিনিষেধ কঠোরভাবে পালন করা হবে। করোনার টিকা গ্রহণকারীরাই ওমরাহ ও নামাজ আদায় করতে পারবেন।
করোনা প্রতিরোধে দুই মসজিদে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন হারামাইন প্রেসিডেন্সি প্রধান আল সুদাইস। মসজিদে আগমনকারীদের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে রমজান মাসে পবিত্র দুই মসজিদে নামাজ ও ওমরাহর অনুমতি দিয়েছে সৌদি আরব। যদিও দুই মসজিদে ইফতারের অনুষ্ঠান ও ইতেকাফ স্থগিত করা হয়েছে। এ ছাড়া শিশুদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর পাশাপাশি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় রোববার পবিত্র রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার জন্য এবং মদিনার রাসুল (সা.)-এর রওজা পরিদর্শন করার জন্য বিধিবিধান প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, কেউ যদি অনুমতি না নিয়ে ওমরাহ পালন করে এবং ধরা পড়ে তাহলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। আর কেউ যদি অনুমতি না নিয়ে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করে তাহলে তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/