র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-মুশফিক-মোমিনুল-তাইজুলের

আপডেট: May 6, 2021 |
print news

সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোমিনুল হক-এর। এছাড়া বোলার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামেরও।

সদ্য শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজে পারফরমেন্সের সুবাদেই র‍্যাঙ্কিংয়ে এ উন্নতি হয়েছে টাইগারদের।

বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। দুই টেস্টের ৪ ইনিংসে ৩টি অর্ধশতকে ২৮০ রান করেন তিনি। দু’বার নাভার্স নাইন্টিতে আউট হন তামিম। সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন টাইগার এই ওপেনার।

এই সিরিজে ৪ ইনিংসে ১টি মাত্র শতকে ২৩১ রান করেন অধিনায়ক মোমিনুল হক। এক ধাপ এগিয়ে ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। আর একটি মাত্র অর্ধশতকে ৩ ইনিংসে ১৪৮ রান করেন মুশফিক। একধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন মি. ডিপেন্ডেবল। বাংলাদেশের মধ্যে তিনিই সর্বোচ্চ স্থানে রয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান করেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুণারত্নে। ৩ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১ হাফ-সেঞ্চুরিতে ৪২৮ রান করেন তিনি। যার পুরস্কারও পেলেন হাতেনাতে, চার ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন করুণা। শ্রীলংকার হয়ে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

এদিকে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। যার দরুন বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিলা বাঁ-হাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমার। অভিষেক টেস্টে ১১ উইকেট নেন তিনি। সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন জয়াবিক্রমা। তাই ৪৮তম স্থানে থেকেই র‍্যাঙ্কিংয়ে যাত্রা শুরু করলেন তরুণ এই স্পিনার।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর