নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবক নিহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন মাদকসেবীরা।
গতাল বুধবার রাত ৯টার দিকে সাতঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ির পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এ সময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেয় সে।
নিহতের মাহফুজের এক স্বজন জানান, গত শবেবরাতের রাতে একই বাড়ির ইশতিয়াককে মাদকসেবন করতে বাধা দেয় মাহফুজ। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল। এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।
সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।
বৈশাখী নিউজ/ জেপা








