রোজিনা যেন ন্যায়বিচার পান সেই চেষ্টা অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

আপডেট: May 20, 2021 |
print news

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রোজিনা ইসলামের জন্য যা করা সম্ভব, সবই করা হবে। তিনি যেন ন্যায়বিচার পান সেই চেষ্টা অব্যাহত থাকবে। তার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে।

আজ বৃহস্পতিবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ মাত্রই ভুল হয়। কেউ ভুলের ঊর্ধ্বে নন। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। আমি আপনাদের মানুষ। আপনাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলে যা করা সম্ভব, তা করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

প্রসঙ্গত, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।

একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার (২০ মে) তার জামিন শুনানির কথা রয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now