সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম ইতালিতে রপ্তানি হচ্ছে। রপ্তানির জন্য প্রথমদিন সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান কারিরের বাগান থেকে পাঁচ টন আম সংগ্রহ করা হয়েছে।
আজ (শুক্রবার, ২১ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উপস্থিত থেকে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন এবং বাগান পরিদর্শন করে আমের গুণগত মান দেখেন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, জেলা বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্যাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, এবার ১৪টি বায়ার কোম্পানি জেলার প্রান্তিক পর্যায় থেকে এসব আম সংগ্রহ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রপ্তানিকৃত আমের জন্য সাড়ে তিনশ চাষিকে আলাদা প্রশিক্ষণ দিয়েছে। জেলায় চার হাজর একশ’ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে ৫০০ টন বিদেশে রপ্তানির কথা রয়েছে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, স্বাদে গুনে ও মানে সেরা হওয়ায় এ জেলার আম ব্র্যান্ড হিসেবে বিদেশে যাচ্ছে এবং তা অব্যহত থাকবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ জেলার আমের সুনাম রক্ষায় কাজ করছে।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/