লিগ শিরোপা ধরে রাখতে নিজেদের কাজটুকু সারলেও যথেষ্ট হতো না রিয়াল মাদ্রিদের। প্রার্থনা করতে হতো প্রতিদ্বন্দ্বীদের পথ হারানোর।
সেই চাওয়া পূরণ হলো না। তাই তো, ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পরও মৌসুমের শেষটা সুখকর হলো না জিনেদিন জিদানের দলের। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার লা লিগার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে রিয়াল।
একই সময়ে গড়ানো আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছে আতলেতিকো মাদ্রিদ।
রিয়াল ভাইয়াদলিদের মাঠে ১৮ মিনিটে পিছিয়ে পড়ে আটলেটিকো। তার দুই মিনিট পর নিজেদের আঙিনায় গোল হজম করে রিয়াল। জেরাদ মোরেনার ডি-বক্সে উঁচু করে বাড়ানো বল পা বাড়িয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ইয়েরিমো পিনো। বল আগুয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার গায়ে লেগে জালে জড়ায়।
খানিক পর ভিয়ারিয়ালের ডি-বক্সে তাদের মিডফিল্ডার দানিয়েল পারেহোর হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে রিয়াল। শরীর থেকে হাত ছিল দূরে, তবে সাড়া মেলেনি রেফারির।
৩৪তম মিনিটে দারুণ সুযোগ পান লুকা মদ্রিচ। কিন্তু ডি-বক্সে একজনকে কাটানোর পর লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। বিরতির আগে গোলরক্ষক বরাবর হেড করে হতাশা বাড়ান কাসেমিরো।
বিরতির পর বেশ আত্মবিশ্বাসী শুরু করে রিয়াল। চাপ ধরে রাখলেও নিশ্চিত সুযোগ মিলছিল না। বাঁ দিক দিয়ে সবসময়ের মতো ভীতি ছড়ান ভিনিসিউস জুনিয়র, কিন্তু একইভাবে শেষ মুহূর্তে তার বল হারিয়ে ফেলা বা দুর্বল শট নেওয়া ছিল হতাশাজনক। ৫৫তম মিনিটে হেডে জালে বল পাঠান বেনজেমা। তবে বেশ খানিকটা সময় নিয়ে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৬৬তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেনজেমা। চাপের মুখে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস ডি-বক্সে ফাঁকায় পান ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে ফাঁকা জালে শট না নিয়ে সময় নষ্ট করেন তিনি, পরে নেন লক্ষ্যভ্রষ্ট শট।
শেষ দিকে ভীষণ চাপ বাড়ায় রিয়াল। তাতেই পাঁচ মিনিটে মেলে জোড়া গোল। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৮৭তম মিনিটে সমতা টানেন বেনজেমা। বদলি নামা রদ্রিগোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ দিক থেকে বেনজেমার ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে জয়সূচক গোলটি করেন মদ্রিচ।
ঘুরে দাঁড়িয়ে এমন জয় নিশ্চিতভাবেই দারুণ এক প্রাপ্তি। পাশাপাশি লিগে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে মৌসুমের ইতি টানার আনন্দ। তবে দিন শেষে বেনজেমা-কাসেমিরোদের চোখে মুখে ছিল না সেই ছবি। লক্ষ্য ছোঁয়ার খুব কাছে গিয়েও যে ফিরতে হলো কিছু না পাওয়ার হতাশা নিয়ে।
সবশেষ লা লিগার মুকুট হারিয়ে শূন্য হাতে মৌসুম শেষ হলো জিনেদিন জিদানের দলের। ৩৮ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে আসর শেষ করেছে তারা। দুই পয়েন্ট বেশি নিয়ে ৭ বছর পর শিরোপা জিতেছে আটলেটিকো।
আর এইবারকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে থেকে লিগ শেষ করেছে বার্সেলোনা।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/