গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: May 23, 2021 |
print news

গাজীপুর মহানগরীর রাহাপড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান খান।

ওইদিন দুপুরে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের রাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার রামপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

এসআই জানান, শুক্রবার (২১ মে) মাহিন খালার বাড়িতে বেড়াতে আসে। শনিবার (২২ মে) সকালে মাহিন খালার বাড়ির পাশে খোলার মাঠে শিশুদের সঙ্গে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে সে মাঠের পাশে নুরুল ইসলামের মালিকানাধীন পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে অন্য শিশুরা মাহিন পানিতে পড়ে যাওয়ার বিষয়টি তার খালাকে জানায়।

এ সময় খালার চিৎকারে আশপাশের লোকজন মাহিমকে পানি থেকে তোলে। এরপর চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহত শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই এসআই।

বৈশাখী নিউজ/ এপি

Share Now