ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাব লজ্জাজনক : নেতানিয়াহু

আপডেট: May 29, 2021 |
print news

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা হামলার হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে প্রস্তাব পাস করেছে তা ‘লজ্জাজনক’। তিনি গাজায় ইসরাইলির হামলাকে বৈধ ও আইনসম্মত বলেও দাবি করেছেন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়, নেতানিয়াহু শুক্রবার একাধারে কয়েকটি টুইটার বার্তায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে দাবি করেন, এই প্রস্তাব ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করবে।

একটি টুইটে নেতানিয়াহু লিখেছেন, “আজকের লজ্জাজনক সিদ্ধান্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইসরাইল বিরোধী চিন্তাধারার আরেকটি উদাহরণ।”

তিনি গাজার নিরপরাধ নারী ও শিশুদের নির্বিচারে হত্যার পক্ষে সাফাই গেয়ে বলেন, “আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে আইনসম্মত কাজ করেছি এবং জাতিসংঘের তদন্ত আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উসকানি দেয়া ছাড়া আর কিছু নয়।”

এর আগে বৃহস্পতিবার রাতে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়।

প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর