ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এ বিক্ষোভ-সমাবেশে যোগ দেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে এসব মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানান এবং তেলআবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করছে তার নিন্দা করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বেরও অবসান দাবি করেন তারা।
এ ছাড়া বর্ণবাদী ইসরাইল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী কাজ করছেন তাদের হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়ার দাবি জানান সমাবেশে যোগদানকারীরা।
সমাবেশ থেকে এ কথা পরিষ্কার হয়েছে যে, বাইডেন প্রশাসন ইসরায়েলের লাগাম টেনে ধরতে আগ্রহী না হলেও সমাবেশে যোগ দেয়া লোকজন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে প্রস্তুত, সব রকমের সাহায্য সহযোগিতা নিয়ে তারা তাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর পার্সটুডে
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/