মনের মানুষ’কে নিয়ে প্রিয় বান্ধবীর জন্মদিনে উপস্থিত মিঠাই’র ‘উচ্ছেবাবু’

আপডেট: July 29, 2021 |
print news

দিন কয়েক আগেই টেলি পাড়ায় খবর চাউর হয়েছিল চলতি বছর নভেম্বরে বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার ‘উচ্ছেবাবু’। অর্থাৎ, ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য অভিনেতা আদৃত রায়। দর্শকদের প্রিয় উচ্ছেবাবুর বিয়ের খবর চাউর হতেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। কাকে জীবনসঙ্গী বানাতে চলেছেন আদৃত? সে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই।

যদিও ব্যক্তিগত জীবনে নিয়ে বেশ চাপা স্বভাবের অভিনেতা। জানা যাচ্ছে, আদৃতের প্রেমিকার নাম সুপ্রিয়া মণ্ডল। দীর্ঘ ১০ বছর তাঁদের সম্পর্ক তাদের। তার সঙ্গেই ছাদনাতলায় সাত পাক ঘুরবেন অভিনেতা। দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বাইয়ের নামী আর্ট ডিরেক্টর। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে খোঁজ মিলল ‘উচ্ছবাবু’র রিয়েল লাইফ পার্টনারের।

 

প্রসঙ্গত, অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তার জন্মদিনে একটি প্রাইভেট পার্টির ব্যবস্থা করেছিলেন। সেখানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী এবং বন্ধুরা। বান্ধবী সুপ্রিয়াকে নিয়ে হাজির হয়েছিলেন আদৃত। এদিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সেখানে আদৃত, সুপ্রিয়া, অনামিকা ও অনামিকার প্রেমিক অভিনেতা উদয় প্রতাপ সিংকে একফ্রেমে দেখা গেছে।

ছবি পোস্ট করে ক্যাপশনে অনামিকা লেখেন, ‘আমার আরও বড় পরিবার। ধন্যবাদ আমার জন্মদিনকে এত স্পেশ্যাল বানানোর জন্য’। অনামিকার ছবিতেই প্রকাশ পেয়েছে আদৃতের প্রেমিকার ছবি। আদৃতের একাধিক ফ্যানক্লাবের তরফে আগেও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে আদৃত-সুপ্রিয়ার একাধিক ছবি।

রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় সহকারী পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। এরপর ‘নূর জাহান’, ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’, ‘পাসওয়ার্ড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আদৃত। অভিনয়ের পাশাপাশি আদৃতের গানের গলাও দুর্দান্ত। চলতি বছরের শুরুতেই মিঠাই-এর সঙ্গে ছোটপর্দায় সফর শুরু করেন এই তারকা। যদিও আদৃত-সুপ্রিয়ার বিয়ের গুঞ্জন কতটা সত্যি, তা এখন সময় বলবে।সূত্র : হিন্দুস্তান টাইমস।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now