ভারতে করোনার প্রকোপে সংক্রমণ-মৃত্যু ঊর্ধ্বমুখী

আপডেট: August 26, 2021 |
print news

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ ছুঁয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় প্রাণঘাতী ভাইরাসটির থাবায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও অনেকটা বেড়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া লোকজনের তুলনায় রোগটিতে সংক্রমিত হয়েছেন বেশি মানুষ। আর এতেই ধারাবাহিকতা ভেঙে ভারতে ফের বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।

বুধবার (২৫ আগস্ট) ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল ১২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় শনাক্ত মোট সংখ্যা তিন কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।

অন্য দিকে মঙ্গলবারের (২৪ আগস্ট) তুলনায় বুধবার দেশটিতে প্রাণহানির সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৬৪৮ জন। মঙ্গলবার যে সংখ্যা ছিল সাড়ে তিনশ। মহামারির শুরু থেকে ভারতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জন।

এ দিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে বুধবার উল্টো চিত্র উঠে এসেছে ভারতে। অর্থাৎ গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া লোকজনের তুলনায় প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে টানা কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও ফের বাড়তে দেখা গেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ হাজার ১৬৯ জন মানুষ। অপর দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে তিন লাখ ২২ হাজার ৩২৭ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে ভারতে সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দেশটির মোট শনাক্ত রোগীর প্রায় ১ শতাংশেরও কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, বুধবার এই হার ছিল দশমিক ৯৯ শতাংশ (০.৯৯%)।

অন্য দিকে বুধবার ভারতে সুস্থতার হার হ্রাস পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ঘনবসতিপূর্ণ দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে। গত ৩০ দিন যাবত দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য মতে, চলতি আগস্ট মাসের ২৪ তারিখ পর্যন্ত ভারতে মোট ৫১ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৫৪৭ জনের লোকের শরীর থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৭ লাখ ৯২ হাজার ৭৫৫ জনের।

বৈশাখী নিউজ/ এপি

Share Now