জয়পুরহাটে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক জেলা কর্মশালা

আপডেট: November 6, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে জয়পুরহাটে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম ও জেসমিন নাহার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় বক্তারা বলেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আসবে।

এ কার্যক্রমের মাধ্যমে ভূমির পরিকল্পিত ও সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপরিকল্পিত ভূমি ব্যবহার প্রতিরোধ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তারা বলেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি ভূমিসংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, ভূমিসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Share Now