মৃত্যুহীন দিনে চট্টগ্রামে শনাক্ত ৩২

চট্টগ্রাম জেলায় মহামারী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। একই সাথে বেড়েছে শনাক্ত।
২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগের দিন শুক্রবার (০১ অক্টোবর) প্রতিবেদনে চট্টগ্রামে একদিনে ২৮ জন আক্রান্ত হয়েছিল। গত ৩০ জুলাই চট্টগ্রামে একদিনে রেকর্ড ১ হাজার ৪শ ৬৬ জন আক্রান্ত হয়েছিল।
আজ শনিবার (২ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন চট্টগ্রাম কার্যালয়। জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরী কিংবা উপজেলায় নতুন করে কারো মৃত্যু হয়নি।
এর আগে গত ২৭ জুলাই চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল। তাছাড়া গতকাল শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলায় দুজনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৩শ ০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭শ ১৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫শ ৮৩ জন।
এদিকে সিভিল সার্জন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার হাসপাতাল ল্যাব ও চট্টগ্রামের ১০টি ল্যাবে মোট ১ হাজার ৬শ ৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১৪৩২।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩২ জন। নতুন করে যাদের করোনা পজেটিভ এসেছে তার মধ্যে চট্টগ্রাম নগরের ১৫ জন এবং বিভিন্ন উপজেলার ১৭ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ এক হাজার ৭শ ৮৪ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৩ হাজার ৭শ ৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৭৫ জন রয়েছেন।






