বিশ্বকে জলবায়ু সংক্রান্ত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে: পরিবেশমন্ত্রী

আপডেট: March 16, 2023 |
Boishakhinews24.net 283
print news

গুরুত্বপূর্ণ জলবায়ু সংক্রান্ত বিষয়ে বিশ্বকে ঐক্যমতে পৌঁছাতে হবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, কিছু জটিল জলবায়ুর বিষয়ে আমাদের দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ-২৮ এ ঐক্যমতে পৌঁছাতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য তহবিলের উৎস অবশ্যই চূড়ান্ত করতে হবে। এই ক্ষয়ক্ষতির তহবিলগুলো অভিযোজন প্রয়োজনের জন্য অন্যান্য তহবিলের সঙ্গে কোনো আপস না করে নতুন এবং অতিরিক্ত হওয়া উচিত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক রাজ্যের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি এবং আরব রিপাবলিক অব মিশরের চার্জ ডি’অ্যাফিয়ার্স মিনা মাকারির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ১ দশমিক ৫ সেলসিয়াস নাগালের মধ্যে রাখার জন্য ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক জিএইচজি নির্গমন ৪৩ শতাংশ কমাতে ‘মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম’-এ দলগুলোর ঐক্যমত পোষণ করতে হবে। কপ-২৯ এ সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিকিউজিতে কপ-২৮ এ উল্লেখযোগ্য অগ্রগতি থাকতে হবে।

আমাদের জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, এনকিউজি গৃহীত হওয়ার আগে আমরা উন্নত দেশগুলোর দ্বারা ১০০ বিলিয়ন ইউএস ডলারের মাইলফলক অর্জনের জন্যও উন্মুখ। ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জন না করে একটি নতুন লক্ষ্য নির্ধারণ করা দলগুলোর কাছে বিশ্বাসযোগ্য হবে না।

এ সময় মন্ত্রী চলতি মাসে কোপেনহেগেনে জলবায়ু নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করার জন্য ডেনমার্ক সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন বলেন, শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবেই নয়, সফলভাবে এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম।

এছাড়া বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা খাসেইফ আলহমুদী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য কপ-২৮ এ লস অ্যান্ড ড্যামেজসহ অন্যান্য এজেন্ডাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

Share Now