নির্বাচনি অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস ফেসবুকের

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অপপ্রচার বন্ধে ফেসবুক কর্তৃপক্ষ সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিম। বৈঠকে ইসিকে এমন আশ্বাস দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সময় যত গড়াবে নির্বাচন নিয়ে তৎপরতাও বাড়বে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানোর আশঙ্কা আছে।
এমন পরিস্থিতিতে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ মেটা ইনকরপোরেশনের একটি টিমের সঙ্গে বসে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব, অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ অপপ্রচার চালালে ও সাম্প্রদায়িকতা উস্কে দিলে তার অ্যাকাউন্ট ব্লক করার অনুমতি চায় ফেসবুক কর্তৃপক্ষ। নির্বাচনের সময় ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ।
অতিরিক্ত সচিব বলেন, ফেসবুকের একটা টিমের সঙ্গে আমরা বসেছিলাম। উনারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও বসেছিলেন। মূলত ফেসবুকে যে অপপ্রচার হয়, সে অপপ্রচার কীভাবে রোধ করা যায়।
বিশেষ করে হেট স্পিচ, ভায়োলেশন যেগুলো হয়, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট, রিমুভ করবে। ওখান থেকে তারা ব্লক করবে। কোনো ধরনের অপপ্রচার-সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কিছু– এ ধরনের অপপ্রচার তারা ব্লক করবে।
তিনি বলেন, এটা হলো প্রাথমিক একটা আলোচনা। ইসির ফোকাল পয়েন্ট ঠিক করা হবে। পরে তাদের সঙ্গে আলোচনা আরও হবে।
যেকোনো অপপ্রচারের কনটেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফাইন্ড আউট করবে ফেসবুক। সিঙ্গাপুর থেকে তারা এসেছে। তারাও ফোকাল পয়েন্ট ঠিক করবে। তারপর সেভাবে যোগাযোগ হবে।
অশোক কুমার দেবনাথ বলেন, কোন ধরনের কনটেন্টে তারা বিধিনিষেধ আরোপ করবে সেজন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে।
যেগুলো আমাদের কাছে মনে হবে নেগেটিভ প্রচারণা, নির্বাচন সংশ্লিষ্ট– সেগুলো বন্ধের জন্য বলা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম চালানো হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমন্ত্রণ জানাইনি, তারাই যোগাযোগ করেছে। আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে অতিরিক্ত সচিব বলেন, এ বিষয়ে পরে তারা যোগাযোগ করবে।














