আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

আপডেট: November 25, 2026 |
print news

আজ ২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নিপীড়ন ও বৈষম্য বন্ধে সচেতনতা তৈরি এবং সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই : ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’।

দিবসটি উপলক্ষে আজ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত পালিত হবে ১৬ দিনের আন্তর্জাতিক কর্মসূচি। এর লক্ষ্য নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদার করা।

১৯৬০ সালের এই দিনে ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মিরাবাল পরিবারের তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মরণে দিনটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আন্তর্জাতিক প্রতীক হয়ে ওঠে। ১৯৯৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটির স্বীকৃতি দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালে প্রকাশিত হিসাব অনুযায়ী, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীর হাতে শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য কারো দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ প্রায় প্রতি তিনজন নারীর একজন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

নারীর প্রতি সহিংসতা শুধু শারীরিক নির্যাতনে সীমাবদ্ধ নয়। মানসিক নিপীড়ন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, চলাফেরায় বাধা, সামাজিকভাবে বিচ্ছিন্ন করা এবং অনলাইনে হয়রানিও এর অন্তর্ভুক্ত।

এসব প্রতিরোধে প্রয়োজন আইনের কার্যকর প্রয়োগ, নিরাপদ অভিযোগব্যবস্থা, ন্যায়বিচার ও সামাজিক সচেতনতা।

Share Now