নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নদী আমাদের জাতীয় সম্পদ। তাই নদীতে ময়লা, প্লাস্টিক ও পরিত্যক্ত বর্জ্য না ফেলে নদী দূষণ রোধ করতে হবে। নদী সম্পদ সুরক্ষায় জনগণকে সচেতন হতে হবে।
বুধবার (৩০ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার পূর্ব একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। “ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ নদী পুনঃখননের কাজ চলছে।
রংপুর জেলপ্রশাসক মো. মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ বক্তৃতা করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম অনুষ্ঠান সঞ্চালন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস। এ সময় তিনি পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার্থে ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরিচালিত সরকারের একবারপুর নলেয়া নদী পুনঃখনন কার্যক্রম কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
এছাড়াও স্পীকার পীরগঞ্জ পৌরসভার সোলার স্ট্রীট লাইট স্থাপন কার্যক্রম পরিদর্শন এবং পীরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
সূত্র: বাসস


