ইইউ পর্যবেক্ষক বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জানতে চাইলে মো. শাহরিয়ার আলম বলেন, আমি তো কিছুই জানি না, এ ব্যাপারে এখনো। অফিসে সকাল থেকে ছিলাম। তবে কোনো কিছু আসলে জানিয়ে দেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো কিছু জানানো হয়নি মন্তব্য করে তিনি বলেন, যে মুহূর্তে জানানো হবে (ইউরোপীয় ইউনিয়ন জানাবে), আপনাদের জানিয়ে দেবো।
নির্বাচন কমিশন জানিয়েছে তারা একটি চিঠি পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা পাইনিতো। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের যোগাযোগ আর আমাদের যোগাযোগ…। সরকারের অংশ হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলেও তারা এখনো আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।


