৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ জন

আপডেট: November 29, 2026 |
print news

৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে। কোনো প্রার্থী নির্ধারিত তারিখে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেলের ৯ম গ্রেডে (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা বেতনক্রম) পদায়ন করা হয়েছে। যোগদানের পর কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

নিয়োগের শর্ত

সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী চাকরিতে যোগদানের সময় নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। প্রতি পাঁচ বছর পরপর এই হিসাব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

সেইসঙ্গে চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড বা অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে কর্মকর্তা নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং যৌতুক দেবেন না।

কোনো কর্মকর্তা যদি বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন অথবা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তবে তার নিয়োগপত্র বাতিল গণ্য হবে।

এ ছাড়া কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ যাচাইকালে ভুয়া বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে নিয়োগ বাতিল এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

Share Now