ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

আপডেট: September 26, 2023 |
inbound4905674987716751712
print news

অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন সাংবাদিকরা।

সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) নির্বাচনের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়টি যুক্ত করে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন অনুমোদন করেছে।

সংশোধিত নীতিমালা অনুসারে সাংবাদিকরা শর্তসাপেক্ষে সীমিত সংখ্যক মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য শর্তগুলো সাধারণভাবেই প্রযোজ্য যেমন- চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র থাকা ইত্যাদি।

এগুলো সঙ্গে থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।

গত ১২ এপ্রিল নির্বাচন কমিশন নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ভোটকক্ষে প্রবেশসহ নির্বাচনী এলাকায় সংবাদ সংগ্রহের ব্যাপারে একটি নীতিমালা জারি করে।

এতে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের চলাচলে মোটরসাইকেল ব্যবহার, ১০ মিনিটের বেশি ভোটকক্ষে অবস্থান ও ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়।

গত ২৬ মে থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পায়নি।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল।

কিন্তু ওই উদ্যোগ সাংবাদিকদের প্রতিবাদের কারণে কার্যকর হয়নি।

গত ২৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

এ সময় তিনি বলেন, ‘মোটরসাইকেল ছাড়া সাংবাদিকদের নির্বাচনী কর্মকাণ্ড কভার করা কষ্টসাধ্য হয়ে যাবে বলে গণমাধ্যমের যে দাবি সেটাও যৌক্তিক।’

গত ১০ এপ্রিল জারি হওয়া নীতিমালার আগে যে নীতিমালা বিদ্যমান ছিল সেখানে নির্বাচনের সময় ইসির থেকে অনুমোদন নেয়া সাপেক্ষে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের বিধান ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর