বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে : ওয়াসিম আকরাম

আপডেট: October 29, 2023 |
boishakhinews 74
print news

 

বিশ্বকাপের চলতি আসরে আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৫ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর গতকাল শনিবার নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে সেমেফাইনালের আগেই বিদায়ের পথে বাংলাদেশ।

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্স দেখে হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে।’

পাকিস্তানি টিভি চ্যানেল ‘এ স্পোর্টসে’র শো দ্য প্যাভিলিয়নের আলোচনায় আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। আপনার মিডল অর্ডার যখন ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে কিংবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ সাত নম্বরে, আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’

এব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমাদের দলটা এমন, অনেকের সীমাবদ্ধতা আছে। ব্যাটিং বলেন, বোলিং বলেন। বিভিন্ন সময়ে বোলিং করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিভিন্ন পজিশনে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বিভিন্ন বোলারকে ফেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাদের অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়।’

সাকিব আরও বলেন, ‘আমি অন্তত চাই, সবাই যার যার জায়গায় যাবে এবং পারফর্ম করবে। পারফর্ম করলে এসব বিষয় সামনে আসতো না। যদি উপরের দিকে ভালো ব্যাটিং করতে পারতাম, নিচে রিয়াদ ভাই, মুশফিক ভাইর যে রোল চিন্তা করে এসেছিলাম, পারফেক্ট হতো, রিয়াদ ভাই যে ফর্মে আছে।’

মাহমুদউল্লাহ উপরে আসলে নিজেদের ব্যাটিং যে ভালো হতো তা স্বীকার করে সাকিব বলেন, ‘তবে আমি সম্মতি জানাই, রিয়াদ ভাই যেভাবে ব্যাট করছে, উনি উপরের দিকে আসলে দলের জন্য ভালো হতো। আসলে রিয়াদ ভাইকে বাদ দিলে মুশফিক ভাই ভালো করেছে, বাকিরা আমরা সবাই হতাশাজনক।’

 

Share Now

এই বিভাগের আরও খবর