মেট্রোরেলে চড়তে প্রথম দিনেই উপচেপড়া ভিড়

আপডেট: November 5, 2023 |
inbound5648859221188410793
print news

বহুল প্রত্যাশিত মেট্রোরেলের মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন হয়েছে শনিবার। এ অংশে ট্রেন চলছে আজ (রোববার) থেকে।

সকাল ৭টা ৩০ মিনিটে মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ট্রেন। এসময় যাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।

রোববার সকাল ৭টা ১৫ মিনিটে খুলে দেয়া হয় স্টেশনের গেট। এর আগে সকাল ৭টা থেকেই ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়।

প্রসঙ্গত, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্ব মাত্র আধা ঘণ্টাতেই পার হতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা।

প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।

এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।

ভাড়ার চার্ট অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে।

তিনটি ধাপে এ মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শতভাগ কাজ শেষ হয়েছে আগেই।

দ্বিতীয় ধাপে হলো আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ। তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে।

২০২৫ সালের জুনে এ অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ অংশের অবকাঠামো নির্মাণের অগ্রগতি ১৭ দশমিক ৩০ শতাংশ।

Share Now

এই বিভাগের আরও খবর