সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা শ্যামা কাব্য মুক্তি পাচ্ছে আগামী ২৪ নভেম্বর

আপডেট: November 9, 2023 |
boishakhinews 46
print news

 

নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’ শিরোনামে সিনেমা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে এটি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘শ্যামা কাব্য’ সিনেমা। গল্প প্রসঙ্গে নির্মাতা বদরুল আনাম সৌদ জানান, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে চলে যায় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো। অথচ সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়ায়।

হাতাশা কাটিয়ে উঠতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করতে যায় আজাদ। তার মূল পরিকল্পনা, সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে।

সংবাদ সম্মেলনে সিনেমাটির কলাকুশলী ছাড়াও ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও এসময় হাজির ছিলেন।

২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই; সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

‘শ্যামা কাব্য’ সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। তা ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

উল্লেখ্য, সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।

 

Share Now

এই বিভাগের আরও খবর