যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেটকাটা বক্কর র্যাবের হাতে গ্রেফতার

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্কর’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল ২৭ নভেম্বর রাত আনুমানিক প্রায় রারোটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে গ্রেফতার করে।
বক্কর শেখ ফরিদপুর কোতোয়ালি থানাধীন গৌরি লক্ষ্মীপুর এলাকার শেখ সাদেক এর ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত বক্কর শেখ উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে।
সে মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
তিনি আরো জানায়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















