ইরা-নূপুরের বিয়েতে অতিথিদের উপহার আনা নিয়ে কড়াকড়ি

আমির খানের বাড়ি সেজে উঠেছে আলোয়। বহু দিন পর খানেদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের বড় মেয়ে ইরা খান আর নূপুর শিখর। খবর ছিল, অগ্নি সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।
তবে সাত পাকে নয়, আইন মতে বিয়ে করতে চলেছেন ইরা ও নূপুর। পরে তাঁরা মারাঠি রীতিমতো একে অপরের সঙ্গে মালাবদল করবেন।
তবে ইরা-নূপুরের বিয়েতে আসতে গেলে আগে থেকেই বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে অতিথিদের। এমনিতেই বলি তারকা সন্তানের বিয়েতে নানা ধরনের বিধি-নিষেধ থাকে।
ছবি তোলা থেকে সাজপোশাক প্রকাশ্যে যাতে না আসে তার জন্য বড্ড কড়াকড়ি থাকেই। তবে ইরা-নূপুরের বিয়েতে রয়েছে একটি ভিন্ন নিয়মের কড়াকড়ি। আর সেটা হলো বিয়েতে অতিথিদের উপহার আনা থেকে বিরত থাকতে হবে। উপহারের জায়গায় তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সাধ্যমতো কিছু সাহায্য চেয়েছেন তাঁরা।
যে সংস্থা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। ইরা-নূপুর শুধু বিয়েতে সবার আশীর্বাদ চেয়েছেন।
ইরা-নূপুর
মঙ্গলবার ছিল গায়েহলুদের অনুষ্ঠান। রাতে ছিল প্রাক-বিবাহের নানা অনুষ্ঠান। ইরার মা রিনা দত্তসহ আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে দেখা গিয়েছিল গায়েহলুদের অনুষ্ঠানে।
এ দিন রাতে হবু স্ত্রী ইরার সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন নূপুর শিখরে। সেখানে দেখা গিয়েছে, এক অপরকে খাবার খাইয়ে দিচ্ছেন তাঁরা। ক্যাপশনে নূপুর লিখেছেন, ‘তোমার বাগদত্তা হিসেবে আর একটা দিন…। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
টুকটুকে লাল শাড়ি পরে ছবিতে দেখা মিলেছে ইরার। বিনা মেকআপে দেখা মিলেছে আমিরকন্যার। অন্যদিকে লাল কুর্তার সঙ্গে সোনালি জ্যাকেট এবং কালো পাজামা পরেছেন নূপুর।
বিয়ের আগের দিন গায়েহলুদের অনুষ্ঠান হয়। দুপুরে আমিরের বাড়িতে অনুষ্ঠিত হয় ইরা-নূপুরের গায়েহলুদ। ইরার জন্য মঙ্গলবার রাতে বিশেষ পার্টির আয়োজন করলেন সালমান খান। সপরিবারে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলেন আমির। খবর, বিয়ের আগের রাতে সালমানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ইরার মেহেন্দি অনুষ্ঠান।
এদিকে আজ বিয়ের এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক জমকালো রিসেপশনের আয়োজন রাখা হয়েছে। এই রিসেপশনে দুজনের পরিবার, আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন। এরপর এই যুগল উদয়পুরের উদ্দেশে রওনা দেবেন বলে গুঞ্জন। জানা গেছে, ইরা উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে আগামী ৮ জানুয়ারি।
প্রসঙ্গত দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ১৮ নভেম্বর বাগদান সারেন ইরা এবং নূপুর। ইমরান খান থেকে শুরু করে কিরণ রাও, ফাতিমা সানা শেখসহ অনেকেই এসেছিলেন এই অনুষ্ঠানে। আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা।








