রাশিয়ায় গ্যাস রপ্তানি টার্মিনালে বিস্ফোরণ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে একটি গ্যাস রপ্তানি টার্মিনালে রবিবার বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের আগে ড্রোনের শব্দ শোনার কথা জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে সেখানে বড় ধরনের আগুন লাগে।
তবে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কেউ আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ জানা না গেলেও ওই এলাকায় ড্রোন দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
বর্তমান সংঘাতে রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশই ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেন সাধারণত এ ধরনের হামলার কথা স্বীকার করে না।
রাশিয়া প্রায় দুই বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তেমন অগ্রগতি হয়নি।
অন্যদিকে একই দিনে পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ১৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। মস্কো নিযুক্ত শহরটির প্রধানের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাছে রবিবারের বিস্ফোরণের বিষয়ে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেছেন, ফিনল্যান্ডের উপসাগরের উস্ত-লুগায় গ্যাস উৎপাদক নোভাটেকের টার্মিনালে এই ঘটনার পর একটি ‘উচ্চ সতর্কতাব্যবস্থা’ জারি করা হয়েছে। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে একটি বড় আগুন দেখা গেছে।
নোভেটেক পরে ঘোষণা করে, টার্মিনালে কাজ স্থগিত করা হয়েছে। আরো বিশদ বিবরণ না দিয়ে কম্পানিটি জানায়, ‘বাহ্যিক প্রভাবের’ কারণে এ অগ্নিকাণ্ড হয়েছে।
এ ছাড়া রুশ গণমাধ্যম শট স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে বলেছে, তারা এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে উস্ত-লুগায় একটি ড্রোনের শব্দ পাওয়ার পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
সেন্ট পিটার্সবার্গভিত্তিক সংবাদমাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, আগুন লাগার আগে অন্তত দুটি ড্রোনকে শহরের দিকে উড়তে দেখা গেছে। অগ্নিকাণ্ডের কাছাকাছি তিনটি বড় আন্তর্জাতিক ট্যাংকার ছিল। যদিও সেগুলোর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনাকে ঘিরে সব বিবরণ বিবিসি যাচাই করেনি এবং ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি অনুসারে, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। শুক্রবার রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কে একটি তেল ডিপোতে আগুন লেগেছে। মস্কো এ অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনীয় ড্রোন হামলাকে দায়ী করেছে।


